সীমান্তে ফের গোলাগুলি দুই দেশের ৮ জন নিহত

ভারত ও পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই দেশের অন্তত ৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ভারতের তিন এবং পাকিস্তানের দুই সেনাসহ ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাইলটকে পাকিস্তান মুক্তি দেওয়ার পরই গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তান জানিয়েছে, কোনো চাপের মুখে ভারতের পাইলটকে মুক্তি দেওয়া হয়নি। পাইলট অভিনন্দন জানিয়েছেন, পাকিস্তানে তাকে শারীরিক নির্যাতন করা হয়নি, তবে মানসিকভাবে হয়রানি করা হয়েছে।

বোমা ফেলে পরিবেশ ধ্বংস করায় ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারতের ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল চন্দ্রশেখর হরি কুমারকে বরখাস্ত করার খবর জানিয়েছে পাকিস্তানি মিডিয়া। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে একটি বিমান নিখোঁজ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। তবে ভারত জানিয়েছে, বরখাস্ত নয়, গত ২৮ ফেব্রুয়ারি হরি কুমার অবসরে গেছেন।

সীমান্তে ফের গোলাগুলি

শুক্রবার রাত থেকে গোলাগুলি শুরু হয়। গতকাল শনিবার ভোরে থামে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক মা ও তার দুই সন্তান নিহত হয়েছেন। তাদের বাবা গুরুতর আহত। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নাকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর হামলায় তাদের দুই সেনা এবং ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত ৩ জন। সেখানকার সরকারি কর্মকর্তা উমর আজম জানিয়েছেন, ভারতের ভারী অস্ত্রের হামলায় এক বালক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। এরই মধ্যে ভারত কাশ্মিরের পুঞ্চ ও রাজৌর সেক্টরে আরো ৪শ’ বাঙ্কার তৈরির ঘোষণা দিয়েছে।

‘চাপের মুখে নয়’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, ভারতের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে চাপের মুখে মুক্তি দেওয়া হয়নি। আমরা কেবল বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা শান্তি চাই। আমরা তোমাদের (ভারত) নাগরিকের সঙ্গে খারাপ আচরণ করতে চাই না। আমরা তোমাদের দুর্ভোগ বাড়াতে চাই না। এদিকে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম জানিয়েছেন, বালাকোটের জঙ্গলে বোমা হামলা করে অনেক গাছ ধ্বংস করেছে ভারত। তাই পরিবেশ ধ্বংস করায় জাতিসংঘসহ অন্যান্য সংস্থায় ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাবে ইসলামাবাদ। অন্যদিকে কাল সোমবার থেকে পাকিস্তান সব বিমানবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার ভারত বিমান নিয়ে পাকিস্তানের বালাকোটে হামলা চালায়।

‘মানসিক হয়রানি’ :ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পাইলট অভিনন্দন বলেছেন, প্রায় ৬০ ঘন্টা পাকিস্তান অবস্থাকালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়নি, তবে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। গতকাল দিল্লির একটি হাসপাতালে মেডিক্যাল চেকআপে থাকা অভিনন্দনকে দেখতে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। এসময় অভিনন্দন তার পাকিস্তানে অবস্থানের ঘটনা বর্ণনা করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পুরো জাতি আপনার সাহসের প্রশংসা করছে। গতকালও অভিনন্দনের কয়েকটি মেডিক্যাল চেক আপ হয়। শুক্রবার পাকিস্তান তাকে দেশে ফেরত পাঠায়। -দ্য গার্ডিয়ান, রয়টার্স, আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি