সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার পলি আক্তার (২৪) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ইউনিয়নের চর মাকসুম গ্রামে ধর্ষণের পর গতকাল শনিবার সকালে পলি বিষপান করেন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পলির বাবা দেলোয়ার জানান, পলির শ্বশুর-স্বামীর মাধ্যমে জেনেছি— বাড়িতে কেউ না থাকার সুযোগে আলা উদ্দিন নামে এক যুবক ঘরে ঢুকে পলিকে ধর্ষণ করে। পলির চিত্কার শুনে তার স্বামী বাড়িতে ঢুকে আলা উদ্দিনকে ধরে ফেলে। তবে পলি সালিসিতে ধর্ষণের কথা অস্বীকার করলেও দুইমাস ধরে তার সঙ্গে সম্পর্ক ছিল বলে স্বীকার করেছে। রাতেই স্থানীয়ভাবে ধর্ষক আলা উদ্দিনকে মারধর করে ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, শুনেছি আলা উদ্দিনের সঙ্গে পলির পরকীয়া ছিল। ওইদিন রাতে বাড়িতে কেউ না থাকায় হঠাত্ এসে সোহাগ তাদের দুই জনকে হাতেনাতে ধরে ফেলে। পরে পলি বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি তবে এ বিষয়ে আরো খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।