জেনেভায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাফল্যে প্রশংসা করেছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৮তম সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের বৈঠককালে তারা স্বাস্থ্যখাতে বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এজন্য অর্থসহ প্রয়োজনীয় সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন বিশ্বব্যাংকের সিনিয়র পরিচালক ড. তিমথি গ্র্যান্ট ইভান্স।

 
বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাসের জবাবে স্বাস্থ্যমন্ত্রী তাদের বলেন, বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চায়। তবে স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত বিশ্ব ব্যাংকের অর্থ বিনিয়োগে যেন   স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হয়। স্বাস্থ্যখাতের অগ্রগতির চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, জনস্বাস্থ্যের উন্নয়নে সরকার সমম্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশব্যাপী একটি ব্যাপকভিত্তিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় ই-হেলথ ও টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা সেবা, পথ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী মা ও শিশুর নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের ‘কমিশন অন ইনফরমেশন অ্যান্ড এ্যাকাউন্টেবিলিটি অন উইমেনস অ্যান্ড চিল্ডেনস হেলথ’ এর ১১টি সূচক ব্যবহার করা হচ্ছে।
 
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বদ্ধপরিকর জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে নতুন নতুন হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। চিকিত্সক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিটি বিভাগেই নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। দারিদ্র বিমোচন, শিক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও পরিকল্পিত পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
 
‘মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যের জন্য অংশীদারিত্ব’ নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রবিন গোরনার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য্যমন্ত্রীর অপর এক বৈঠকে তারা মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন।
 

বিভিন্ন কর্মসূচি: জেনেভায় বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহনকারী দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১ দেশের প্রতিনিধিদের নিয়ে গতকাল এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি আগামী নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় আইক্যাপ সম্মেলন সফল করার জন্য ১১ দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সহায়তা চান। এর আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয়পক্ষ স্বাস্থ্যখাতের উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।