আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি একের পর এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট উত্সবের মধ্য দিয়ে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। উপজেলার ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর থাকার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের সাবেক ট্রেজারার প্রয়াত এ এম রফিকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, জনগণকে বিএনপি ভয় পায়। এ কারণে ভোট বর্জন করে জনগণ থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা। ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে জনগণের কথা বলার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ভোট ছাড়া দেশ চলতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ কখনোই ভোট বর্জনের সংস্কতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামাঞ্চলে উত্সব শুরু হয়েছে। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবো, নির্বাচন উত্সবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোরভাবে মনিটরিং করুন। আপনারা নিরপেক্ষ থাকবেন। প্রধানমন্ত্রী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উত্সবমুখর দেখতে চান।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্র এক সঙ্গে চলছে। তবে গণতন্ত্র-উন্নয়ন ধ্বংস করতে বিএনপি উঠেপড়ে লেগেছে। নেতিবাচক রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিবাচক রাজনীতির ধারায় না আসলে বিএনপি ক্রমান্বয়ে রাজনীতি থেকে মুছে যাবে।
সাংবাদিক এম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, সাবেক সচিব নজরুল ইসলাম খানসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।