যখন থেকে ফেসবুক ব্যবহার করছেন তখন থেকেই দেখছেন অন্য ফেসবুকাররা বিভিন্ন প্রাণীর সাথে তোলা সেলফি পোস্ট করেন। এসব দেখে কানাডার এক যুবকের শখ হলো তিনি হাতির সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলবেন। কিন্তু হল ঠিক উল্টো। ওর ক্যামেরা ছিনিয়ে নিয়ে হাতি নিজেই সেলফি তুলে ফেলল! সোস্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করার পর সবাই এর নাম দিয়েছে ‘এলফি’। এই এলফি নিয়ে গণমাধ্যমে হুলস্থুল কারবার।
ঘটনাটা ঘটেছে থাইল্যান্ডের এক পার্কে ২২ বছরের কানাডিয়ান পর্যটক ক্রিশ্চিয়ানের সঙ্গে। ইনস্টাগ্রামে ‘এলফি’ ছবি পোস্ট করে ক্রিশ্চিয়ান লিখেছেন, দারুণ একটা মজার ব্যাপার। তুলতে গিয়েছিলাম হাতির সঙ্গে সেলফি, আর শেষ অবধি হল ঠিক উল্টো। ক্যামেরাটা নিয়ে ওই হাতিটা যেভাবে পারফেক্ট ছবিটা তুলল তাতে মনে হল ও হচ্ছে পেশাদার ক্যামেরাম্যান।
‘সেলফি’ শব্দটির সাথে এতদিন শুধু মানব জাতিই পরিচিত ছিল। কিন্তু প্রথা ভেঙে তা ঢুকে পড়ল প্রাণী জগতে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হাতি কিভাবে ছবি তুলল। ক্রিশ্চিয়ান জানিয়েছেন, শুঁড়ের মাথায় ক্যামেরা রেখে একের পর এক অনেকগুলো সেলফি তোলে হাতিটি। এ সময় ওই পর্যটক হাতির খাওয়ার জন্য কলা পরিবেশন করেন। ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে লাখ লাখ বার শেয়ার করা হয়েছে। -এপি