হিলারির ইমেইলের প্রথম কিস্তি প্রকাশ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টের শত শত ইমেইল প্রকাশ করেছে। এদের বেশিরভাগ বেনগাজিতে ২০১২ সালে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা সংক্রান্ত। ইমেইলগুলো জনসম্মুখে প্রকাশের আগে মার্কিন কংগ্রেস কমিটিতে পাঠানো হয়েছিল। সরকারি দায়িত্বে থাকার সময় ব্যক্তিগত ইমেইল ঠিকানা ব্যবহার করার কারণে হিলারি তীব্র বিতর্কের মুখে পড়েন। খবর বিবিসির।

 

আগামীতে আরো ইমেইল প্রকাশ করা হবে। মোট ৫৫ হাজার ইমেইল যাচাই বাছাই করছে পররাষ্ট্র দফতর। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেন। এ নিয়ে প্রতিপক্ষের রাজনীতিকদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একে ফেডারেল আইনের লংঘন বলে কেউ কেউ দাবি করেছে। হিলারি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।