পঞ্চমবারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়রাম জয়ললিতা। শনিবার সকাল ১১টায় চেন্নাইয়ের মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শপথ নেন তিনি। খবর এনডিটিভির।
এর পরপরই জয়ললিতার মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নেন আরো ২৮ জন।
সম্প্রতি দুর্নীতির মামলায় জয়ললিতার দণ্ডাদেশ বাতিল করেছেন দেশটি উচ্চতর একটি আদালত। ফলে নয় মাস বিরতির পর আবার মুখ্যমন্ত্রী হলেন প্রভাবশালী এ রাজনীতিক। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ছয় মাসের মধ্যে ফের ভোটে জিতে আসতে হবে তাকে।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর একটি আদালতের রায়ের পর তামিল নাড়ুর চারবারের মুখ্যমন্ত্রী জয়ললিতা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এর আট মাস পর আবারও একই পদে অভিষেক হচ্ছে 'আম্মা' খ্যাত ৬৭ বছর বয়সী জয়ললিতার। আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৬৬ কোটি ৬৬ লাখ রুপি সম্পদের কারণে কারাদণ্ড হয় তার। এর পরই মুখ্যমন্ত্রী পদে অযোগ্য হন। তবে ১১ মে কর্নাটক হাইকোর্ট এ দায় থেকে তাকে অব্যাহতি দেন।