পালমিরার নাগরিকদের জন্য জাতিসংঘের উদ্বেগ

 
সিরিয়ার পালমিরা নগরীতে আটকা পড়া হাজারো নাগরিকের জন্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসলামিক স্টেটের জিহাদিরা শহরটি দখলে নেয়ার পর জাতিসংঘ শুক্রবার এ উদ্বেগ প্রকাশ করে।
 
১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পালমিরায় আটকা পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহবান এবং বিশ্ব ঐতিহ্যের প্রাচীন শহরটি রক্ষার ব্যাপারেও তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
 
আইএস অনলাইনে পালমিরা দখলে নেয়ার ঘোষণা দিয়েছে। তারা সেখানকার হাসপাতাল, কারাগার ও সামরিক ঘাঁটিসহ বিভিন্ন ভিডিও ও ছবি প্রকাশ করেছে।
 
নিরাপত্তা পরিষদ পালমিরার বিশেষ করে নারী ও শিশুদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, আইএস যোদ্ধারা সেখানে ধর্ষণ, যৌন হয়রানি, জোরপূর্বক বিয়ে ও শিশুদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করাসহ অপহরণ, প্রতারণা, নারী ও শিশু নির্যাতনের রাজত্ব কায়েম করেছে।
 

উল্লেখ্য, পালমিরা সিরিয়ার ‘মরুরত্ন’ হিসেবে পরিচিত।