বাংলাদেশের রাজধানীসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। অসহনীয় গরমে যখন দেশের মানুষের নাভিশ্বাস তখন প্রতিবেশী ভারতে গরমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত তিন দিনে দেশটির তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। সেখানে তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
ভারতের অপর রাজ্য ওড়িশাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমের কারণে দুপুর হওয়ার আগেই রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। কাজের খুব চাপ না পড়লে ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
তেলেঙ্গানায় ৭৩ ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ৮০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। সেখানে গত তিন দিনে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
দেশটির আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দিনের বেলায় তাপমাত্রা যে পর্যায়ে পৌঁছচ্ছে, তা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।তাই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সূত্র: এবিপি