মেধার যে কোনো বয়স নেই তার প্রমাণ দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক তানিশক আব্রাহাম। যে বয়সে স্কুলে পড়াশোনা করার কথা সেই বয়সেই তিনি তিন বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করলেন। এর আগে গত বছর পরীক্ষায় কৃতিত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিনন্দন জানিয়েছিলেন তাকে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তানিশক আব্রাহাম স্যাকরামেন্তোর আমেরিকান রিভার কলেজ থেকে গণিত, বিজ্ঞান এবং বিদেশি ভাষায় সম্মান ডিগ্রি পেয়েছেন। ওই কলেজে ১৮শ’ শিক্ষার্থী রয়েছে। চলতি বছর আব্রাহামই সবচেয়ে কম বয়সী যে কিনা অনার্স ডিগ্রি অর্জন করলেন। কলেজের মুখপাত্র স্কট ক্রোন জানিয়েছেন, ধারণা করা হচ্ছে তিনি এক্ষেত্রে সর্বকনিষ্ঠ। গত বছর এক পরীক্ষায় যে ফল অর্জন করেন তাতে তিনি হাইস্কুলে পড়ার অনুমতি পান। এই পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক চিঠিতে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। আব্রাহামের বয়স যখন চার বছর তখন যুক্তরাষ্ট্রের আইকিউ সোসাইটি ‘মেনসায়’ অংশ নেন। তবে সবাই অবাক হলেও এই ফলাফলে বিস্মিত নন আব্রাহাম। তিনি বলেন, এই ফলাফল আমার জন্য বড় কিছু নয়। কলেজে ভর্তি হওয়ার সময় অনেক শিক্ষার্থী তাকে দেখে আতঙ্কিত হয়েছিলেন, আবার অনেকে ক্লাসে বাচ্চা মেয়ে পেয়ে খুশিও হয়েছিলেন। - এনডিটিভি