সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক সংসদ সদস্য নিহত হয়েছেন। অন্য একটি হামলায় আরো তিনজন নিহত হয়েছেন। শনিবার এই হামলা চালানো হয়।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা সংসদ সদস্য ইউসুফ দিরিরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি নিহত হন।
পুলিশ জানিয়েছে, দিরিরের গাড়ির সামনে একটি মিনিবাস দাঁড় করিয়ে ভিতরে থাকা বন্দুকধারীরা গুলি চালায়।
এই ঘটনায় দেশটির আরো একজন সংসদ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
অন্যদিকে চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তিন কর্মী নিহত হয়েছেন।
তাত্ক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
দক্ষিণ সোমালিয়ায় সরকারি বাহিনী ও আল শাবাব জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হওয়ার মধ্যেই রাজধানী মোগাদিশুতে এসব হামলা হলো।