মঙ্গলবার থেকে দেখা মিলতে পারে বৃষ্টির

বৃষ্টির দেখা মিলতে পারে মঙ্গলবার। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, সোমবার আকাশে মেঘ থাকবে। এরপর ২/৩ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে আজ রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং কাল ঢাকায় সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে। এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।