গাজীপুরে স্কুলে শিক্ষিকার লাশ উদ্ধার

গাজীপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাঘিয়া ডিস পুকুরপাড় এলাকা থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম মমতাজ বেগম (৫২)। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার মোঃ আওরঙ্গজেব খান দুলুর স্ত্রী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার মৃত. বছিরউদ্দিন সরকারের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন তিনি। স্থানীয় পূর্ব নাখালপাড়া হলি মডেল কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন মমতাজ বেগম। শুক্রবার বিকালে ঢাকা থেকে বাঘিয়া এলাকায় বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ রওয়ানা হন তিনি। কিন্তু আর বাবার বাড়ি ফিরেননি। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে  বাঘিয়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সীমানা প্রাচীরের ভেতর মমতাজ বেগমের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও গলায় দাগ রয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ঘাড়ে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।