সাভারে পৃথক স্থান থেকে এক নারী পোশাক শ্রমিক এবং এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে শুত্রুবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে মাহবুবা আক্তার (২২) নামে ওই নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সাভার থানা পুলিশ। অন্যদিকে শনিবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকার আবুল হোসেনের দোতলা বাড়ির একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মোলেনা খাতুন (১৯) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত গৃহবধূ ও তার স্বামী রুবেল মিয়া চারাবাগের ওই বাসায় ভাড়া থাকতো। পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে ঘটনা দুটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।