রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে নিহত শিশু নাবিলার পরিবারকে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণ কেন প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া নাবিলার মৃত্যুর পর আইনগত কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে। এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।
গত ২২ অক্টোবর এক বছরের শিশু নাবিলা তার মায়ের সঙ্গে নিউ মার্কেট থেকে মোহাম্মদপুর যাওয়ার পথে আসাদগেটের কাছে একটি ট্রাক তাদের রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে মারা যায় শিশুটি। এ ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃপক্ষ কোন মামলা করেনি দাবি করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন হাইকোর্টে রিট করে। রিটে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়।