গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের ‘নালিশ’ গেল ইউরোপে

গার্মেন্টস খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইস্যুতে সাম্প্রতিক আন্দোলনে যুক্ত হওয়াকে কেন্দ্র করে একটি কারখানা প্রায় একশ’ শ্রমিককে চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ উঠেছে। ওই কারখানা থেকে পোশাক ক্রয় করে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠান স্টেনলি স্টেলা। শ্রমিকদের চাকরিচ্যুতির এ অভিযোগ ক্রেতা প্রতিষ্ঠানের কাছে গেছে। শুধু তাই নয়, নেদারল্যান্ডস ভিত্তিক শ্রম অধিকার ফোরাম ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন (এফডব্লিওএফ) ইস্যুটি নিয়ে ইউরোপব্যাপী প্রচারণা চালাচ্ছে। ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, কারখানা কর্তৃক শ্রমিক ছাঁটাই ইস্যুতে ক্রেতা প্রতিষ্ঠান ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এছাড়া একই ইস্যুতে আন্তর্জাতিক কোন কোন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে তারা যা জানতে পেরেছেন আর অন্যান্য সূত্র থেকে যেসব খবর গিয়েছে, তার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তবে কারখানাটি আইন অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে।