সহিংস উগ্রবাদ দমনে চাই রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার —ডিএমপি কমিশনার

জঙ্গিবাদ আজ দেশ, জাতি এবং ভবিষ্যত্ প্রজন্মের জন্য উদ্বেগজনক। এটি একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদ প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারের প্রয়োজন। তবে রাজনৈতিক অঙ্গীকারের কারণে আমরা দ্রুত জঙ্গিবাদের বিস্তার প্রতিরোধে সক্ষম হয়েছি। ডান-বাম বা ধর্মীয় কোনো ধরনের উগ্রবাদই এ দেশের মানুষ অতীতেও গ্রহণ করেনি, ভবিষ্যতে করবে না বলে আমাদের বিশ্বাস। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘সহিংস উগ্রবাদবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু যে ধর্মীয় উন্মাদনার কারণেই সহিংস উগ্রবাদের ঘটনা ঘটছে তা কিন্তু নয়। নানা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনাও এর জন্য দায়ী। তবে কী কারণে আমাদের তরুণরা সহিংস উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তা নিয়ে আরও বেশি করে অনুসন্ধান করতে হবে।

প্রতিযোগিতায় নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে লালমাটিয়া মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।