আইএসের বিরুদ্ধে লড়তে চান না ইরাকি সেনারা: যুক্তরাষ্ট্র

 
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লাড়াই করতে অনীহা রয়েছে ইরাকি সেনাদের। এদিকে সেনাদের এই মনোভাব রামাদি শহর দখলে জঙ্গিদের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার ইরাকি সেনাসদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।
 
এক সপ্তাহ আগে রামাদি শহর দখল করে নেয় আইএস।
 
সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আইএস পিছু হটছে বলে মনে হচ্ছিল। কিন্তু তারা রামাদি ও সিরিয়ার প্রাচীন শহর পালমিরা দখল করায় তা ভুল প্রমাণ হয়েছে।
 
রামাদি দখল হওয়ায় আইএসকে ঠেকাতে শুধু বাগদাদ নয়, যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।
 
সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে অ্যাশটন কার্টার বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইরাকি বাহিনীর যুদ্ধ করার ইচ্ছা নেই। তারা সংখ্যার কম নয়। প্রতিপক্ষের চেয়ে বরং বেশিই। লড়তে ব্যর্থ হয়ে তারা সরে এসেছে।
 
তিনি বলেন,  প্রায় এক বছর ধরেই খুব বাজেভাবে ইরাকের সেনারা হারছে। ব্যবস্থা নিলে এটি এড়ানো যেত।
 
২০১৪ সালের জুনে ইরাকের কিছু এলাকার দখল নেয় আইএস। তাদের ঠোকাতে এর দুই মাস পরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত সেখানে তিন হাজারের বেশি বিমান হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি।