বালাকোটে জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় যুদ্ধবিমান মিরাজ-২০০০ এর বোমাবর্ষণের কিছুক্ষণ পরই ঘটনাস্থল থেকে অন্তত ৩৫টি মৃতদেহ সরিয়ে ফেলেছিল পাকিস্তান সেনাবাহিনী। মৃতদের মধ্যে ছিল জয়শ জঙ্গি, সাবেক পাকিস্তান সেনাকর্তা এবং প্রশিক্ষণ নিতে আসা আত্মঘাতী সদস্যরাও। পাকিস্তানের স্থানীয় প্রশাসনের কর্মীদের কাছ থেকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই খবর জোগাড় করেছেন ইতালীয় সাংবাদিক ফ্রান্সেসা মারিনো যা প্রকাশিত হয়েছে ফার্স্ট পোস্টে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষদর্শীরা মারিনোকে জানিয়েছেন, বোমাবর্ষণের পরই ঘটনাস্থলে পৌঁছেছিলেন স্থানীয় প্রশাসনের কর্তারা। কিন্তু ততক্ষণে পুরো এলাকা ঘিরে ফেলেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পুলিশকেও ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হয়নি। যারা অ্যাম্বুল্যান্স নিয়ে এসেছিলেন, সেই স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। এদিকে যুদ্ধবিমান এফ-১৬ ব্যবহার করায় বিপাকে পড়েছে পাকিস্তান। প্রতি-আক্রমণ করতে গিয়ে পাকিস্তান নিয়ম ভেঙেছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারা এ ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য চেয়েছে পাকিস্তানের কাছ থেকে। - আনন্দবাজার পত্রিকা