অগ্ন্যুৎপাতে হুমকির মুখে গেলাপাগোস দ্বীপপুঞ্জের জীববৈচিত্র্য

 
প্রশান্ত মহাসাগরের গেলাপাগোস দ্বীপপুঞ্জে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হুমকির মুখে পড়েছে দ্বীপটির জীববৈচিত্র্য। এই দ্বীপের জীব বৈচিত্র্য দেখেই ইংরেজ প্রকৃতিবিদ চার্লস ডারউইন জৈব বিবর্তন সংক্রান্ত তার বিখ্যাত প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব দিয়েছিলেন।
 
সোমবার সেখানকার ইসাবেলা দ্বীপের উল্ফ আগ্নেয়গিরিটি থেকে লাভা উদগিরণ শুরু হয়। এবার ৩৩ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরিটি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বীপটিতে বসবাসকারী লোকজনের জন্য এখনো হুমকি হয়ে ওঠেনি আগ্নেয়গিরিটি।
 
দ্বীপপুঞ্জটিতে এমন অনেক প্রজাতির প্রাণীর বসবাস যা পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এরকম এক ধরনে গুইসাপ রয়েছে সেখানে যা ইসাবেলা দ্বীপটির উত্তর পশ্চিম অংশে বাস করে। তবে অগ্ন্যুৎপাতের ফলে এই প্রজাতিটি ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন গেলাপাগোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।
 
IMG0
 
অগ্ন্যুৎপাতের ফলে ঘন ধোঁয়া দ্বীপপুঞ্জটির ওপর প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে। দ্বীপপুঞ্জটিতে মোট ১৩ টি বড় ও ১৭ টি ছোট দ্বীপ রয়েছে।
 
দীপপুঞ্জটি বর্তমানে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি রাজ্য। এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য। এখানকার অনন্য জীববৈচিত্র্য ক্রমবর্ধমান পর্যটক ও বাইরে থেকে আনা ভিন্ন প্রজাতির প্রাণীর কারণে হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। সূত্র: বিবিসি