১৫ জুন শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো

সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আগামী ১৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার তিন দিনব্যাপী প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’। ১৫ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে গতকাল এসব তথ্য জানান আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রদর্শনীর বিস্তারিত জানান বিসিএস সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে বিসিএস ও আইসিটি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জানানো হয়, দেশি-বিদেশি শতাধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ছাড়াও সরকারের দশটিরও বেশি সেবা অংশ নেবে প্রদর্শনীতে। হালনাগাদ প্রযুক্তি ও পণ্যের পসরা ছাড়াও এতে থাকবে ‘মেড বাই বাংলাদেশ’ ধারণার উপস্থাপন; প্রদর্শনী ছাড়াও থাকবে সেমিনার, প্রতিযোগিতা ও অন্যান্য বৈচিত্র্যময় আয়োজন। www.ictexpo.com.bd সাইট থেকে মিলবে প্রদর্শনীর সব আপডেট।