প্রতিদিন সেলফি তোলার জন্য কতটুকু সময় বরাদ্দ রাখেন আপনি? হিসাব করে হয়তো সেলফি তোলেন না কেউই। তবে ব্রিটিশ ওয়েবসাইট ফিলইউনিক ডটকম এক জরিপের মাধ্যমে বলছে, তরুণীরা প্রতিদিন গড়ে ৪৮ মিনিট সময় ব্যয় করে সেলফি তোলার পেছনে। সপ্তাহে যার পরিমাণ প্রায় ৫ ঘণ্টা ৩৬ মিনিট!
হ্যাঁ, এমনটিই জানা গেছে ১৬ থেকে ২৫ বছর বয়সী ২ হাজার তরুণীদের মধ্যে পরিচালিত জরিপ থেকে। সেলফি নিয়ে তরুণীদের ভাবনার আরও অনেক দিকই উঠে এসেছে এই জরিপে। যেমন—জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি তরুণী নিজেদের মন খারাপের সময় চমত্কার একটি সেলফি তাদের মন ভালো করে দেয় বলে জানিয়েছেন!
সেলফি তোলার পেছনের কারণ হিসেবে সবচেয়ে বেশি ২২ শতাংশ জানান প্রকাশিত সেলফিতে ‘লাইক’ পাওয়ার মাধ্যমে নিজেদের বাড়তি গুরুত্ব পাওয়াকে। আর প্রত্যাশিত পরিমাণ ‘লাইক’ না পেলে ২৭ শতাংশ তরুণীই মাত্র কয়েক মিনিটের মধ্যে সেলফি ডিলিট করে দেন। তরুণীদের মতে, ‘পারফেক্ট সেলফি’ পাওয়া যায় সাধারণত ছয়টি ক্লিকের পর। এই ‘পারফেক্ট সেলফি’ কমপক্ষে দুইটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন ব্রিটিশ তরুণীরা। নারী সেলিব্রেটিরা সেলফিকে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য ইতিবাচক মনে করে থাকেন। ব্রিটিশ তরুণীরাও তারকাদের এই মতামতকে নিজেদের মতামত হিসেবে গ্রহণ করেছে বলে উঠে এসেছে জরিপে।