ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ ফায়জুল করিমসহ ৪ জনকে আটক করেছে সৌদি আরবের পুলিশ। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টায় রিয়াদে এক মাহফিল থেকে তাদের আটক করা হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, চরমোনাই পীরের আরেক ভাই ইউপি চেয়ারম্যান সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের এ খবর নিশ্চিত করেছেন।
সৈয়দ এছাহাক বলেন, ‘একটি ইসলামী মাহফিলে অংশ নিতে দলের নায়েবে আমির সৈয়দ ফায়জুল করিম সৌদি আরবে যান। সেখানে মাহফিল অনুষ্ঠানের সময় পুলিশ তাকেসহ ৪ জনকে আটক করে।’
সৈয়দ ইসহাক আরো বলেন, ‘পুলিশকে ভুল তথ্য দিয়ে এ কাজ করিয়েছে আহলে হাদিস (লা মাজহাব) গ্রুপ। তাকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে।’
জানা গেছে—৪ জনের মধ্যে ২ জনকে ছেড়ে দিলেও ফায়জুল করিম ও তার সফরসঙ্গীকে ওই দিন শুক্রবার হওয়ায় জামিন দেওয়া হয়নি। এ ছাড়া, তার বয়ানের ক্যাসেট যাচাই-বাছাই করার পরে তাদের জামিনের বিষয়টি আমলে নেয়া হবে বলে জানা গেছে।
এ দিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।