এই সময়ের তরুণ-তরুণীরা ঝঁকুছে কালারফুল ওয়েস্টার্ন পোশাকের দিকে। তবে শুধু কালারফুল পোশাক পছন্দ করে কিনলেই হবে না। গরমের কথা মাথায় রেখে পোশাক কিনতে হবে। কেননা এই সময়ে পছন্দের পোশাকটি পরার পর যেন স্বস্তিও পাওয়া যায় সেদিকেও লক্ষ রাখতে হবে। কালারফুল ওয়েস্টার্ন পোশাক নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন নওশীন শর্মিলী
বর্তমান ট্রেন্ডে তরুণ-তরুণীদের কালারফুল ওয়েস্টার্ন পোশাকের দিকে ঝোঁকটা বেশি। কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণী থেকে শুরু করে এক্সিকিউটিভ লেভেলের নারী-পুরুষরাও আজকাল ওয়েস্টার্ন পোশাক পরছেন। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ওয়েস্টার্ন লুকটাও খুব জরুরি। একটি বেসরকারি ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী সুমনা। তিনি সবসময় ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ভাষ্যে, ‘গরমের এই সময়ে সালোয়ার-কামিজের চেয়ে ওয়েস্টার্ন পোশাক পরতেই আমি পছন্দ করি। আর ওয়েস্টার্ন পোশাকে যেমন স্বস্তি পাই, তেমনি ফ্যাশনটাও ঠিক থাকে। এই সময়ে আমি বাইরে বের হওয়ার সময় লেগিন্সের সাথে কালারফুল টপস ও কুর্তা পরতে পছন্দ করি।’ অবশ্য গরমে স্বস্তির জন্য বর্তমান সময়ে ওয়েস্টার্ন পোশাকে এসেছে নানা বৈচিত্র্য। ওয়েস্টার্ন পোশাকে আপনার ফ্যাশন কেমন হবে তা নির্ভর করে ড্রেসকোডের ওপর। যেমন—অফিসিয়াল লুকে শার্ট-প্যান্ট থাকলে তার সঙ্গে মানিয়ে জুতা পরতে পারেন। ছেলেদের ক্ষেত্রেও একইভাবে অফিসিয়াল লুকে পরতে পারেন এক্সেসরিজ। এই ট্রেন্ড অনুসরণ করে কালারফুল ক্যাজুয়াল, ফরমাল এবং এথনিক আউটফিট নিয়ে এসেছে ফাশন হাউস জেন্টল পার্কের গ্রীষ্মের পোশাক। শার্টে ফেব্রিক হিসেবে কটনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফেব্রিকে থাকছে চলতি প্রিন্টেড ট্রেন্ড। শর্ট স্লিভ বা স্লিম ফিটিংসের সাথে ব্যান কলার, স্লোডার লুপ, আপার স্টিচ শার্টের আউটগোয়িং লুকে বাড়তি ফ্যাশন বহন করেছে। সলিড বা সফট টোনের কালার ভেরিয়েশনে ফেড ওয়াশ বা এনজামইম ওয়াশের কারণে পোশাকে থাকছে আরামদায়ক অনুভূতি। পাশাপাশি জিন্স, জুতো, বেগি প্যান্ট, ব্লেট, থ্রিকোয়ার্টার প্যান্ট থাকছে জেন্টল পার্কের ডিজাইন লাইনআপে। ফ্যাশন হাউস ডিজেনোর পরিচালক ও ডিজাইনার ফাহাদ বলেন, ‘আজকালকার ছেলে-মেয়েরা কালারফুল ওয়েস্টার্ন পোশাক পরতে পছন্দ করে। যেমন—ছেলেরা পোলো টি-শার্টের সাথে মানিয়ে পরেন গ্র্যানডিং জিন্স, কালারফুল শার্টের সাথে ওয়াশড জিন্স। তেমনি মেয়েরা পরছেন স্টোন ফিটিং জর্জেট কালার শার্টের সাথে মিলিয়ে প্রিন্টেড কডের প্যান্ট, ব্লু কালারের কডের প্যান্টের সাথে মানানসই প্রিন্ট শার্ট। আর এসবের সাথে মানিয়ে স্টাইলিশ জুতা বা হিল।’ তিনি আরও বলেন, ‘সামার ফ্যাশনে পুরুষের জন্য স্লিম ফিট বা ট্রিম ফিট এখন বেশ চলছে। তবে সফট কালার বেশি আরামদায়ক। সালোয়ার-কামিজে অনেক টিনরা স্বাচ্ছন্দ্যবোধ করে না। আবার ফ্রকও এ সময় ঠিক মানায় না। ফ্যাশন করতে পছন্দ করে এমন টিনরা ফিটিং টিউনিক টপস, শার্ট, স্টাইলিশ কুর্তা বেছে নিতে পারে অনায়াসেই। দেখতেও ভালো লাগবে, পরেও আরাম পাবে।’ অন্যদিকে এসব পোশাকই আবার অনায়াসে মানিয়ে যাবে টিন থেকে ৩০-এর কোটায় আছেন এমন নারীকে। তবে এ ক্ষেত্রে কাট ও নকশায় কিছুটা পরিবর্তন আসবে। টপসের রং গাঢ় না হলেই মানিয়ে যাবে বয়স ও ব্যক্তিত্বের সঙ্গে। পার্টি বা দৈনন্দিন পোশাক হিসেবে অনেকেই পছন্দ করেন ফ্যাশনেবল কালারফুল টপস বা কুর্তা। টপসের দৈর্ঘ্য আগের তুলনায় দিন দিন বাড়ছে। দেশীয় উপাদানের সঙ্গে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে। আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়। আর এসব পোশাকের মধ্যে প্রাধান্য পাচ্ছে উজ্জ্বল রঙটাও। আপনার পছন্দের কালারফুল ওয়েস্টার্ন পোশাক পাবেন—ফ্যাশন হাউস এক্সটেসি, ক্যাটস আই, ডিজেনো, আলফোসি, ট্রেন্জ, ইয়ালো, জেন্টাল পার্ক, ইনফিনিটির বিভিন্ন আউটলেটে।