হত্যার হুমকির মুখে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি নিজেই বলেছেন, হত্যার হুমকি পেয়ে ভারত ছাড়ার কথা। বাংলাদেশি এই লেখিকা দুই দশকের বেশি সময় ধরে নির্বাসিত রয়েছেন। বিভিন্ন দেশঘুরে সবশেষ তিনি ভারতের রাজধানী দিল্লীতে অবস্থান করছিলেন। তসলিমা নাসরিন বলেছেন, তিনি দিল্লীতে আর নিরাপদ বোধ করছেন না। তিনি আরো উল্লেখ করেছেন, বাংলাদেশে সম্প্রতি যারা ব্লগারদের হত্যা করেছে তারাই তাকে হত্যার হুমকি দিয়েছে। আল কায়েদার হত্যার তালিকায় তার নাম উল্লেখ করা হয়েছে।
তবে জানা গেছে, তসলিমা নাসরিনকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিয়েছে সেন্টার ফর ইনকোয়্যারি (সিএফআই)। সম্প্রতি আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা তসলিমাকে হত্যার হুমকি দিলে, নিউইয়র্কভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন সিএফআই তসলিমার সুরক্ষা নিশ্চিতে ভারত থেকে তাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে তসলিমা যুক্তরাষ্ট্রে পৌঁছান বলে জানিয়েছে সিএফআই। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তসলিমার ব্যয়ভার বহনে তহবিলের আবেদন জানিয়েছে সংগঠনটি। সিএফআই’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোনাল্ড এ. লিন্ডসে বলেছেন, তসলিমা প্রকৃতপক্ষেই একজন আন্তর্জাতিক রোল মডেল। কারণ, তার কাজ ও সাহসিকতা প্রচলিত প্রথাকে প্রশ্ন করতে এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করতে সব বয়সের মানুষকে অনুপ্রাণিত করে। খবর- বিবিসি