দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার

দ্বিতীয় দিনের মতো ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নিয়েছে দলটি। গতকাল সকাল ১০টা থেকে এ সাক্ষাত্কার শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষত্কার গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, মনোনয়ন বোর্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় বরিশাল ১ আসনের প্রার্থীদের সাক্ষাত্কারের মাধ্যমে দ্বিতীয় দিনের সাক্ষাত্কার গ্রহণ শুরু হয়। বরিশাল বিভাগের সাক্ষাত্কার গ্রহণ শেষে বিকালে খুলনা বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সাক্ষাত্কার নেয়া হয়।

গভীর রাত পর্যন্ত চলে এ সাক্ষাত্কার গ্রহণ। এদিকে সাক্ষাত্কার গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

প্রত্যেক প্রার্থীর সঙ্গে তার অনুসারী নেতাকর্মীরা বাইরের রাস্তায় ভিড় করে। তবে কোনো স্লোগান দেননি তারা। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার শেষে নেতার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে। অন্যদিকে এই সাক্ষাত্কারকে ঘিরে বিএনপি কার্যালয় এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কার্যালয় এলাকায় প্রবেশের মূল রাস্তার দুই মোড়ে ডাইভারশন করা হয়। গাড়িগুলোতে তল্লাশি চালিয়ে বিএনপির গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় প্রবেশ করানো হয়।

গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল বিভাগ এবং বিকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ করা হয়।

এদিকে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ এবং বেলা আড়াইটা থেকে রাত পর্যন্ত কুমিল্লা ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণে তারেক রহমানের অংশগ্রহণ আটকাতে সরকার ইন্টারনেটে ভিডিও কল অ্যাপ স্কাইপ বন্ধ করে দিয়েছে। রিজভী বলেন, গুলশান বিএনপি অফিস থেকে আমাকে জানিয়েছে, সেখানে সকল ইন্টারনেট লাইন বন্ধ হয়ে গেছে, স্কাইপ বন্ধ করে দেওয়া হয়েছে।