দ্বাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে গতকাল। এর আগে শনিবার অনুষ্ঠানটির উদ্বোধন করা হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে। এবারের উত্সবের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। উদ্বোধনী দিনে দেখানো হয় ভারতীয় পরিচালক পীযূষ পানজুয়ানি পরিচালিত ‘ফাইভ রুপিস’। এবারের উত্সবে ঢাকায় মোট ৪টি ভেন্যুতে ৩২টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। যুগ বয়সী ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’-এর উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত। আজ ৪টি ভেন্যুতে ৫১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যেখানে ৩টি বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদশিত হবে চলচ্চিত্রগুলো।