বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালেও খেলেছিলেন নুরুল হাসান সোহান। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান হেরেছিলেন ফাইনাল। এক মাস না পার হতেই আরেকটি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে নুরুল হাসান সোহান।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-২০ টুর্নামেন্টের ফাইনালে আজ সোহানের নেতৃত্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হচ্ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এবার ফাইনাল থেকে শূন্য হাতে ফিরতে চান না সোহান। শেখ জামালের অধিনায়ক মনেপ্রাণে চাইছেন আজ ট্রফি জিততে। গতকাল মিরপুর স্টেডিয়ামে ট্রফি ফটোসেশনের পর এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘যদি এই কথা চিন্তা করেন, বিপিএলও খেলেছি ফাইনাল। তো ওইখানে একটা আক্ষেপ ছিল যে চ্যাম্পিয়ন হতে পারি নি। অবশ্যই লক্ষ্য থাকবে এখানে যেন চ্যাম্পিয়ন হতে পারি। একই ধাঁচের টুর্নামেন্ট। বিপিএলে হয়ত ইন্টারন্যাশনাল প্লেয়ার বেশি থাকে। অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারলে নিজের কাছে ভালো লাগবে।’ প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজাও ট্রফি জয়ের মঞ্চে এগিয়ে রাখছেন শেখ জামালকে। গতকাল অনুশীলন শেষে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘আসলে ওরা অনেক ভালো টিম। ওরা অনেক ভালো খেলছে। জিয়া ভাই আছে, কিছু পাওয়ার প্লেয়ার আছে। অবশ্যই আমরা চাইব আমাদের কাজগুলো ঠিক মতন করতে, দেখা যাক কি হয়।’
সোহান অবশ্য নিজেদের এগিয়ে রাখছেন না। তার মতে, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই ফাইনাল জিতবে। শেখ জামালের অধিনায়ক বলেছেন, ‘টি-২০ তে বড় দল ছোট দল নেই। যারা যেদিন ভালো খেলে তাদেরই জেতার চান্স বেশি থাকে। আমার মনে হয় অবশ্যই ওরা ভালো দল। তবে আমরা যেভাবে খেলছি, অবশ্যই আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। যদি আমরা পরিস্থিতি অনুযায়ী ভালো করতে পারি তাহলে ভালো রেজাল্ট হবে।’
ফরহাদ রেজাও একই তত্ত্বের বাইরে নন। দোলেশ্বর অধিনায়ক বলেছেন, ‘টি-টুয়েন্টি খেলায় যে যেদিন ভালো খেলবে সেই জিতবে।’
গ্রুপ পর্বেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্সের মতো বড় দল। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপ থেকে শেখ জামাল ও ‘ডি’ গ্রুপ থেকে প্রাইম দোলেশ্বর সেমিফাইনালে উঠে এসেছে। সেমিতে শাইনপুকুরকে হারিয়েছে শেখ জামাল। আর প্রাইম দোলেশ্বর জিতেছে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে। সোহানের আশা ফাইনালটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়েই বেশি ভাবতে চান এই উইকেটকিপার ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হচ্ছে। তাদের অল্প রানে আটকানোর লক্ষ্য থাকবে। আর আগে ব্যাট করলে যত বেশি রান করতে পারি। আর এখন ফাইনালে এসেছি, এখন লক্ষ্য থাকবে অন্য দল নিয়ে চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করতে।’
সেমিফাইনালে ৬৫ রানে পাঁচ উইকেট হারানোর পরও জিয়াউর রহমানের ব্যাটিং ঝড় ও সোহানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতেছিল শেখ জামাল। ২৯ বলে অপরাজিত ৭২ রান করেছিলেন জিয়া। ফাইনালেও জিয়ার ব্যাটে ঝড়ো ইনিংস আশা করছে দলটি। আর জিয়ার এই বিধ্বংসী ব্যাটিংই দোলেশ্বরের জন্য চিন্তার কারণ।