চারদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা। গেল বুধবার রাতে কোপা দেল রে’র ম্যাচে রিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পর এবার লা লিগাতেও জয়ী দলটার নাম বার্সেলোনাই। এবার জয়ের ব্যবধান ১-০ গোলের। ফলাফল নির্ধারণ করে দেওয়া গোলটা করেন ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচ।
এই জয়টা মেসির আধিপত্যের নতুন একটা নজিরই যেন হয়ে রইলো। রিয়ালের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে ২০০৪ সালের পর থেকে এই নিয়ে ১৩তম ম্যাচ জিতলো বার্সেলোনা। এর মধ্যে ২০০৫ সালে প্রথম এল ক্লাসিকো খেলেন মেসি। আর সেই ১৯৩২ সাল থেকে ২০০৩ সাল অবধিও রিয়ালের মাটিতে বার্সেলোনোর জয়ের সংখ্যা ছিল ১৩টি। মানে বলা যায়, মেসি যুগের গোড়াপত্তনের মধ্য দিয়েই বদলে গেছে বার্সেলোনা।
সব ধরনের প্রতিযোগিতা মিলে এবার রিয়াল ও বার্সেলোনা মোট চারবার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে তিনটি ম্যাচেই জিতে বার্সেলোনা। একটা ড্র হয়। এল ক্লাসিকোর ৮৭ বছরের ইতিহাস বলছে এই নিয়ে ৯৬টি এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। অন্যদিকে রিয়ালের জয়ের সংখ্যা ৯৫টি। মানে শনিবার রাতের ম্যাচ দিয়েই আনুষ্ঠানিক ভাবে রিয়ালকে ছাড়িয়ে গেল বার্সেলোনা। এই নিয়ে গত ১৫ বছরে প্রথমবারের মতো মাদ্রিদ ঘরের মাঠে টানা তিন ম্যাচে পরাজিত হলো।
রিয়ালকে হারানোর মধ্য দিয়ে লা লিগায় নিজের শীর্ষস্থান আরো সুসংহত করলো কাতালানরা। ২৬ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে সবার ওপরে। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ।
আর শিরোপাধারীদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ে শিরোপা লড়াইয়ে থেকে অনেকটাই ছিটকে পড়ল রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট ৪৮। ভিলারিয়ালকে ২-১ গোলে হারানো আলাভেস ৪০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে এক ম্যাচ কম খেলা গেটাফে। আর পয়েন্ট তালিকার তলানির দল হুয়েস্কার মাঠে ২-১ গোলে হারা সেভিয়া ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
বার্সেলোনার আধিপত্যে সন্তুষ্ট কোচ আর্নেস্তো ভালভার্দে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র নিজেদের সেরাটা খেলতে চেয়েছি। সাথে সাথে প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যও ছিল। যাতে আমরা পুরোপুরি সফলও হয়েছি।’
রিয়াল মাদ্রিদ কোচ স্যান্তিয়াগো সোলারি অবশ্য হারের জন্য নিজেদের পারফরম্যান্সকে নয়, বরং ভাগ্যকে দুষছেন। তিনি বলেন, ‘ফুটবল এমনই। কখনো কখনো কিছু বিষয় নিজেদের পক্ষে যায়, কিছু আবার একেবারেই যায় না। এল ক্ল্যাসিকোর এই দুই ম্যাচে আমাদের সাথে তাই হয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে হারের আক্ষেপে পুড়ছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচ শেষে তিনি সুযোগ কাজে লাগাতে না পারার কারণেই যে এই ব্যর্থতা এসেছে - সেটা একবাক্যে মেনে নিলেন। রামোস বলেন, ‘এই ম্যাচ আমাদের জন্য কোনো দুঃস্বপ্ন নয়। কিন্তু এটা সত্য যে আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারলাম না। আর ফুটবল গোলেরই খেলা। এখানে গোল না পেলে জয় সম্ভব নয়। ফুটবলে ফলাফল নির্ধারণ করে দেয়। আমরা শুধু তাদের অভিনন্দনই জানাতে পারি কারণ আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করলেও, তা যথেষ্ট হলো না। আমাদের গোলের সুযোগ ছিল। কিন্তু যদি আপনি গোল করতে না পারেন, ফলাফল আপনার বিপক্ষেই যাবে।’
বার্সেলোনার বিপক্ষে টানা হারের পর নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার কোচের ভবিষ্যত্ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে!