শীর্ষে ফিরেও স্বস্তি নেই সিটির

ব্যবধান দেখে ম্যাচে ম্যানচেস্টার সিটির আধিপত্তটা আসলে বোঝা যাচ্ছে না। একের পর এক আক্রমণ করে গেলেও গোলমুখের দেখা পাচ্ছিলেন না কেউই। শেষ অবধি বোর্নমাউথের মাঠে রিয়াদ মাহরেজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

শনিবার রাতের এই ম্যাচের একমাত্র গোলটি আসে ৭৭তম মিনিটে। ২৯ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলা লিভারপুল ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। যদিও, গতকাল রাতেই আবারো মাঠে নেমে গেছে লিভারপুল। এভারটনের মাটিতে লিভারপুল জয় পেয়ে থাকলেই আবারো হারানো আসন ফিরে পাবে।

যদিও, শীর্ষে ফিরেও স্বস্তিতে নেই ম্যানচেস্টার সিটি। কারণ এই ম্যাচেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের শীর্ষ খেলোয়াড় কেভিন ডি ব্রুইনকে। প্রথমার্ধ্বের বিরতির আগেই তিনি হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যান।

কোচ পেপ গার্দিওলাও নিশ্চিত করে বলেছেন যে, কয়েকটা ম্যাচ মাঠে নামতে পারবেন না এই ২৭ বছর বয়সী বেলজিয়ান। বিবিসি স্পোর্টসকে কোচ গার্দিওলা বলেন, ‘হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কেভিনকে কয়েকটা দিন মাঠের বাইরে থাকতে হবে। গত ৯৩ দিনে ও ২৫টা ম্যাচ খেলেছে। ফলে, ওর শরীরের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ওর বিশ্রাম জরুরি।’

ইংলিশ ফুটবলার জন স্টোনসকে নিয়েও আছে অস্বস্তি। দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ড বাদেই তাকে তুলে নেওয়া হয়েছিল। কোচ জন স্টোনসকে নিয়ে বড় কোনো ঝুঁকির কথা অবশ্য জানাননি। তিনি বলেন, ‘জনের ব্যাপারে আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি। ওর ব্যাপারে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আগামীকাল ওর ব্যাপারে বিস্তারিত জানতে পারবো।’

দিনের প্রথম ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহ্যাম হটস্পার ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। একই রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে রোমেলু লুকাকুর জোড়া গোলে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। পাঁচ নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৭। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

এক নজরে ফলাফল

টটেনহ্যাম হটস্পার           ১ - ১     আর্সেনাল

বোর্নমাউথ                     ০ - ১     ম্যানচেস্টার সিটি

ব্রাইটন                          ১ - ০     হাডার্সফিল্ড

বার্নলি                          ১ - ৩     ক্রিস্টাল প্যালেস

ম্যানচেস্টার ইউনাইটেড     ৩ - ২     সাউদাম্পটন

উলভারহ্যাম্পটন              ২ - ০     কার্ডিফ সিটি

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড    ২ - ০     নিউক্যাসল ইউনাইটেড