বুন্দেসলিগায় বিদেশি খেলোয়াড় হিসেবে ক্লডিও পিজারোর সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন রবার্ট লেভানদস্কি। শনিবার বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৫-১ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে এই পোলিশ তারকা জার্মান লিগে তার গোলসংখ্যা ১৯৫-তে নিয়ে গেছেন। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা বরুসিয়ার ডর্টমুন্ডের সাথে সমান ৫৪ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। ম্যাচের ৪৭ মিনিটে লেভানদস্কি প্রথম গোল করে দলের ব্যবধান ৩-১-এ নিয়ে যান। এরপর স্টপেজ টাইমে স্পট কিক থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল পূরণ করেন এই পোলিশ স্ট্রাইকার। এর মাধ্যমেই তিনি পিজারোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। ৩০ বছর বয়সী লেভানদস্কি ২০১০ সালে লেখ পোজনান থেকে ডর্টমুন্ডে যোগ দিয়ে চার বছরে ৭৪ গোল করেছিলেন। এরপর ২০১৪ সালে আলিয়াঁজ এরিনাতে যোগ দেন।