সাইফউদ্দিনের সুযোগ দেখছেন সুজন

এই তো নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ। কয়েক মাস পরই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে বিশ্বকাপ দল নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদিও চোটের কারণে দলে ছিলেন না সাকিব আল হাসান। শেষ মুহূর্তে চোটে পড়ে ছিটকে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদও।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের চোখে, বাংলাদেশের বিশ্বকাপ দলটা প্রায় তৈরিই আছে। চোট কাটিয়ে সাকিব ফিরলেই দলটা ভারসাম্যপূর্ণ হবে বলে মনে করেন তিনি। এবং ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের একাদশে অফস্পিনার মেহেদী হাসান মিরাজের চেয়ে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের সুযোগটাই বেশি দেখছেন বিসিবির এই পরিচালক।

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে জানতে চাইলে গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেছেন, ‘দল তো আমাদের ঠিকই আছে। সবশেষ সিরিজে খালি সাকিবকে আমরা মিস করেছি। সাকিব থাকলে যেটা হয় টিমটা ভারসাম্যপূর্ণ হয়। একটা বোলার, ব্যাটসম্যান বেশি থাকে। সাকিব এসে পড়লে বা যা দল আছে অথবা যে ১৫-১৬ জন আছে এদের মধ্যে থেকেই সেরা কম্বিনেশন বের করে ইংল্যান্ডে খেলতে হবে। সাইফউদ্দিন খুব ভালো সংযুক্তি, নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে ভালো খেলল, সাব্বির ফর্মে এলো, সৌম্য টেস্ট ম্যাচে রান করলো। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

কন্ডিশন বেধে একাদশের কম্বিনেশন বদলাবে। তবে সুজনের মতে, সাইফউদ্দিন খেললে চার পেসার হয় এবং ব্যাটিংয়ের গভীরতাও বাড়ে। গতকাল তিনি বলেছেন, ‘যদি আমরা চার পেস বোলার নিয়ে খেলতে চাই সেটাতে আমরা প্রস্তুত কিন্তু। মাশরাফি, রুবেল, মুস্তাফিজের সঙ্গে সাউফউদ্দিন। সাইফউদ্দিন খেললে যেটা হবে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। আর সাকিব তো আমাদের অটোমেটিক চয়েজ আছেই। মিরাজ বা সাইফউদ্দিন কাকে খেলাবে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়তো আলোচনা হবে।’