রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ গাছ

সম্প্রতি রাজধানীতে নারিকেল গাছে চাপা পড়ে শাহেরা খাতুন স্বপ্না ও মিতু ঘোষ নামে দুই নারীর করুণ মৃত্যু হয়েছে। বইমেলা থেকে বাসায় ফেরার পথে তাঁরা ঐ দুর্ঘটনার শিকার হন। ঐ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। এর আগে ২০১৬ সালে গাছ চাপায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। রাজধানীর ধানমণ্ডিতে আকস্মিকভাবে সড়কের পাশের মোটা একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে তাঁর ওপর। গত বছরও ধানমণ্ডিতে গাছের চাপায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক মোস্তাফিজুর রহমান মারা যান। এর আগে ২০১৭ সালের ১৯ মার্চ গাছের নিচে চাপা পড়ে মারা যান মুজাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী। ঢাকার বিভিন্ন এলাকায় চলতি পথে অনেক বয়সী গাছ দেখা যায়। তাছাড়া রাজধানীর অনেক জায়গাতেই রাস্তার পাশে লাগানো কিছু কিছু গাছ একটা পর্যায়ে গিয়ে আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না। মৃতপ্রায় সেসব গাছ রাস্তায় চলাচলকারী মানুষের জন্য অনেকটা মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়ে থাকে। সামনে কালবৈশাখী মৌসুম। তাই দ্রুতই এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনকে সিদ্ধান্ত নিতে হবে।

বোরহান বিশ্বাস, খিলগাঁও, ঢাকা