চট্টগ্রামে ৭০০টি স্বর্ণের বার উদ্ধার, চারজন গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০০টি স্বর্ণের বারসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ উদ্ধার হয় স্বর্ণের বারগুলো। ৬০ কেজি ওজনের স্বর্ণগুলোর বাজার মূল্য ২৬ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সাথে সম্পৃক্ত করিম শাহ এবং রাকিব নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বাড়ি চুয়াড়াঙ্গা জেলায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। স্বর্ণগুলো চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার থেকে পাচারকারীরা স্বর্ণগুলো সংগ্রহ করে।

এদিকে চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস স্বর্ণের বার ও ১টি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন, লাভু সাহা ও মো. বিলাল হোসেন। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। সিএমপি‘র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানিয়েছে- তারা দীর্ঘদিন যাবত্ চট্টগ্রাম থেকে স্বর্ণের বার নারায়ণগঞ্জ এলাকায় নিয়ে পাচার করে। উদ্ধার স্বর্ণের বারের সাড়ে ১১ কেজি। আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।