কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের মাদক ব্যবসায়ী সোনা মিয়ার ছেলে নুরুজ্জামান (৫৫) কচুয়া থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গত শনিবার বিকেলে নুরুজ্জামান স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে সাংবাদিকদের সম্মুখে কচুয়া থানার ওসিসহ ও অন্য পুলিশ কর্মকর্তাদের সামনে আত্মসমর্পণের ঘোষণা দেন। কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভুঁইয়া জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। তিনি আরো জানান, কচুয়া থানা পুলিশ একইদিন বিকাল ৪ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রামপুর গ্রামের জুলফে আলীর ছেলে অপর আরেক মাদক ব্যবসায়ী মামুন হোসেনকে (৩২) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কচুয়া থানায় আজকের দায়ের করা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। থানার ওসি সাংবাদিকদের নিকট প্রেস ব্রিফিংকালে ওই থানার পুলিশ পরিদর্শক শাহজাহান কামালও সাথে ছিলেন।