মিরপুর রেলওয়ে স্টেশন পুনচালুকরণ ও সকল আন্তনগর ট্রেন স্টপেজের দাবিতে রবিবার মানববন্ধন করা হয়েছে।
মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে ঈগল চত্বর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এ মানববন্ধনে সর্বস্তরের জনগণের অংশ নেয়। মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস।
বক্তারা আগামী ২৬ মার্চের মধ্যে রেলওয়ে স্টেশন পুনচালুকরণ ও সকল আন্তনগর ট্রেনের স্টপেজ দেয়া না হলে গণআন্দোলনের ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, আগামী সাতদিনের মধ্যে রেলমন্ত্রী সরেজমিন পরিদর্শন শেষে স্টেশনের গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নেবেন।