আইসিটি এক্সপো উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

দেশের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫ গতকাল সোমবার শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মিট ডিজিটাল বাংলাদেশ আহ্বানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্র্বপতি মোঃ আবদুল হামিদ তিনদিনের এই মেলা ও প্রদর্শনী উদ্বোধন করেন।

 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উদ্বোধন অনুষ্ঠানে বলেন, আইসিটি এক্সপো দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে। ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রযুক্তি খাতকে দেশের সবার অংশগ্রহণ নিশ্চিত  করতে  জনগণকে আইটি সমপর্কে ধারণা দিতে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে। রাষ্ট্রপতি বলেন, ‘বাংলা গভনেট ও ইনফো সরকার ফেজ-২’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি অফিসকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনা, সব সরকারি সেবাকে আরো জনবান্ধব করার জন্য এবং আমাদের ইতিহাস, ঐতিহ্যকে আরো ব্যাপক আকারে প্রচারের জন্য সারাদেশের প্রায় ২৫,০০০ সরকারি ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েবপোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’ উদ্বোধন হয়েছে।  ১৪ হাজার ৭০০ তরুণকে লার্নিং এবং আর্নিং প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। সরকার আরও ৫৫ হাজার তরুণকে এই প্রশিক্ষণ দেবে।
 
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কমিপউটার সমিতি (বিসিএস) যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে।
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সমপর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি ইমরান আহমেদ, এমপি, স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারূন-অর-রশিদ, বাংলাদেশ কমিপউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বিসিএসের সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন প্রমুখ।
 

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই আমরা এবার ভিন্নমাত্রায় আয়োজন করেছি বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা ও দক্ষতা উপস্থাপনের অনন্য ক্ষেত্র হবে এই এক্সপো।