সরাইলে এমপি শিউলী আজাদকে গণসংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা শিউলী আজাদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. জয়নাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মৃধা প্রমুখ।
মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গায় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় সরকারি শামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এলেঙ্গা স্পোর্টস একাডেমির আয়োজনে শনিবার রাতে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। সংগঠনের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মো. মাসুদুর রহমান মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূর এ আলম সিদ্দিকীর পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে দুই ইভেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করেছিল।
নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক
ক্রীড়ার পুরস্কার বিতরণ
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগর উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার। কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাদেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিতু মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবু তাহের মাস্টার, ডা. আব্দুস ছালাম, খোকন চন্দ্র সরকার।
উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত
ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা
গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হলরুমে রবিবার দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। সভায় উপস্থিত ছিলেন, গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ (ভার) মো. দৌলত আহম্মেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল ও আলী আহম্মদ আকন প্রমুখ।
শরণখোলায় নৌকার প্রার্থীর শোডাউন
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী কামাল উদ্দিন আকনকে নিয়ে রবিবার শোডাউন আনন্দ র্যালি হয়েছে। মোরেলগঞ্জ ফেরিঘাটে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করা হয়। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শরণখোলায় আনন্দ র্যালি হয়। র্যালি শেষে উপজেলার সদর রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়কে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. কামাল উদ্দিন আকন।
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ নিল
কাউখালী মডেল স্কুলের শিক্ষার্থীরা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা অগ্নি ঝড়া মার্চে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ নিলো পিরোজপুরের কাউখালী মডেল স্কুলের শিক্ষার্থীরা। তারা রবিবার দৈনিক সমাবেশ শেষে জাতীয় পতাকা হাতে নিয়ে এ শপথ নেয়। শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন শিক্ষা উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু। শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। প্রধান শিক্ষক সুব্রত রায় শপথ পাঠের আগে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মার্চ বাঙালির জীবনে এক অনন্য মাস। এই মাসেই বাঙালি তার চেতনাকে নতুন করে, শাণিত করে, নতুন শপথে বলীয়ান হয়। অত্যাচার, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে স্মারক মাস হিসেবে মার্চ প্রতিবারই আমাদের নতুন করে পথ দেখায়। তাই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি গণতন্ত্রে বিশ্বাসী সকল দেশপ্রেমিক দলকে চেতনাদীপ্ত মার্চে নতুন করে শপথ নিতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মুক্তাগাছায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর শোডাউন
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা মুক্তাগাছায় রবিবার মোটরসাইকেল শোডাউন করেছেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা। উপজেলার মনতলা থেকে শোডাউনটি শুরু হয়ে মুক্তাগাছা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রার্থীর বাড়ি মনিরামবাড়ী এলাকায় শেষ হয়। এ উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনতা অংশ নেন।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসে ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধন
ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার উপজেলার বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এই যৌথ অনুশীলন শুরু হয়েছে গত শনিবার থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০ জন সেনা কর্মকর্তাসহ ১৭০ জনের একটি করে দল অংশ নিচ্ছেন। এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য-সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি থেকে সম্প্রীতির উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরজিত্ সিং সানধু।
ইকবাল হোসেনের মনোনয়ন লাভে আনন্দ মিছিল
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইকবাল হোসেন। মনোনয়ন পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে শনিবার আনন্দ মিছিল করেছে স্থানীয়রা। উপজেলার হরিরাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের শাপলা ফুল যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের হয়।
পিআইবির মহাপরিচালকের মৃত্যুতে গৌরীপুরে স্মরণসভা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক, চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক সদ্যপ্রয়াত শাহ আলমগীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে রবিবার গৌরীপুরে শোকর্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদের হাট ও অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে চাঁদের হাট গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ও অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাংবাদিক শাহ আলমগীরের বন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ মতিউর রহমান, মোস্তফা কামাল, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।