এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স কোর্স শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্তির দাবিতে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় ২৭ বছর হতে চলল অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা এমপিওভুক্ত না হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ২০১৯ নীতিমালা সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবি জানান।

মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিলাশগুন চৌধুরী, গাজী মোফাজ্জেল হোসেন, নুরুল আবছার সিকদার, মো. আক্তারুজ্জামান, পবিত্র কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।