আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হূদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের গতকাল রবিবার সকাল থেকে এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন। চিকিত্সকরা জানিয়েছেন, জীবন সঙ্কটে থাকা ওবায়দুল কাদেরকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি।
রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকা ফিরে বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী। বিকাল সোয়া ৪টার দিকে তাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। প্রায় ১০ মিনিট পর বঙ্গবন্ধু মেডিক্যালের ডি ব্লকের দোতলায় কার্ডিওলজি বিভাগে যান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তার পরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাসপাতালে পৌঁছান। ওবায়দুল কাদেরকে দেখে বিকাল পৌনে ৫টায় হাসপাতাল থেকে ফিরে যান রাষ্ট্রপতি। স্পিকারও তার পরপরই বঙ্গবন্ধু মেডিক্যাল থেকে বেরিয়ে যান। চিকিত্সকরা জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছিলেন ওবায়দুল কাদের।
পরে সন্ধ্যায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাসপাতালে গিয়ে ওবায়দুল কাদেরের চিকিত্সার খোঁজ-খবর নেন। তিনি যখন যান তখনও ওবায়দুল কাদের তাকান। এছাড়া ওবায়দুল কাদেরের চিকিত্সার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্পায়ন ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, ইকবাল হোসেন অপু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ। রাত ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি টিম হাপসাতালে ওবায়দুল কাদেরকে দেখতে যান। তারা ওবায়দুল কাদেরের চিকিত্সার খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ভিড় করেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের অহেতুক হাসপাতালে ভিড় করতে নিষেধ করেছিলেন। কিন্তু সারাদিন সে নির্দেশ অমান্য করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। সকাল থেকেই ডি-ব্লকের সামনেসহ পুরো বিএসএমএমইউ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অকারণে ভিড় লক্ষ্য করা যায়।