ক্যাফে সয় ৩: নান্দনিক পরিবেশে সুস্বাদু খাবারঘর

আজকাল খাওয়াদাওয়াটা শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না। এই যান্ত্রিক শহুরে জীবনে বন্ধু কিংবা পরিবার পরিজনের সাথে বাইরে খেতে যাওয়া, সুন্দর একটি পরিবেশে আড্ডা দেয়া এবং পেট পূজা এসবই আমাদের বিনোদনের অংশ। তাই সুস্বাদু খাবারের পাশাপাশি যদি খাবার জায়গাটি হয় মনোরম তবে তো সোনায় সোহাগা।

আজকে এমনি এক জায়গার কথা বলবো।
 
ধানমন্ডি তিন নাম্বার রাস্তা দিয়ে একটু সামনে এগুলেই পাবেন ‘ক্যাফে সয় 3’ (Café Soi3)। ঢাকার প্রাণকেন্দ্রে রেস্তোরাটি বানানো হয়েছে আধুনিক স্থাপত্য কৌশল ও প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারন সংমিশ্রণে। শধুমাত্র পরিবেশের জন্যই দ্বিতীয়বার ঘুরে আসতে চাইবেন এখানে। কাঠের চেয়ার-টেবিল, ছোট্ট বাঁশঝাড় এমনকি আশপাশের গাছ-পালা সবকিছুই অনেক যত্নের সাথে তৈরি। রেস্তোরার ছাদে বসা যায় খোলা আকাশের নিচে। একতলায় এসি রুমেও বসতে পারবেন ইচ্ছা হলে, তবে খোলা আকাশের নিচে খাওয়াদাওয়া করার মজাই আলাদা। বসার জন্য আসবাবপত্র গুলো বানানো হয়েছে অতি সুন্দর ডিজাইনে। পা হেলিয়ে খুব আয়েস করে বসা যায়। আড্ডা দেওয়ার জন্য যথাযথ পরিবেশ।
 
IMG0
আগেই রেস্তোরার পরিবেশ নিয়ে বলে নিলাম। কারন রেস্তরাটির পরিবেশ এবং অভ্যন্তরীণ ডিজাইন রীতিমত চোখে লেগে থাকার মতো। এবার আসি খাবারের কথায়। মেনু বলতে গেলে বেশ বিস্তৃত। কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, মেক্সিকান, অ্যামেরিকান কিংবা ইটালিয়ান, নিজের স্বাদ মতো বেছে নিতে পারবেন আপনার খাবার। কোনটা ছেড়ে কোনটা নেই অবস্থা হলে পাশে দাড়িয়ে থাকা ওয়েটারকে জিজ্ঞেস করে নিতে পারেন।
 
কাবাব প্ল্যাটার এবং হোল গ্রিলড ফিশ সয় ৩ র বিশেষত্ব। আস্ত ভেটকি মাছকে বারবিকিউ করে আপনার সামনে পরিবেশন করবে সতে মাশরুম আর সবজির সাথে। খেতে অসাধারন। কাবাব প্ল্যাটারে একইসাথে চার ধরনের কাবাব পরিবেশন করা হয়। সাথে দুইটি নান এবং তিন ধরনের চাটনি। চিকেন রেশমি, মাটন বটি, আফগানি মালাই এবং বিফ শিক, এই চারটি কাবাবের মিলিত স্বাদ মাংসপ্রেমিদের চোখ ও রসনার তৃপ্তি দেবে তা হলফ করে বলা যায়।

এছাড়া, অ্যামেরিকান বিফ স্টেক খেয়ে দেখতে পারেন। গ্রিলড আলু এবং সতে সবজির সাথে পরিবেশন করা হয়। কাঁটাচামচে বিফ একদম মাখনের মতো চলে আসবে আর মুখে দিলেই বুঝতে পারবেন স্বাদের ছড়াছড়ি। চিকেন হোয়াইট সস পাস্তা পাবেন অন্যান্য পাস্তার পাশাপাশি। চিকেন-বিফ চাপ, চিংড়ি কারি ইত্যাদিও বাদ যায়নি মেনু থেকে। আগেই বলেছি, মেনু বেশ বিস্তৃত। সার্ভিস যথেষ্ট দ্রুত এবং স্টাফরা নম্র, ভদ্র ও চটপটে।
 
IMG1
ও হ্যাঁ জুস এর সমাহার নিয়ে তো কিছু বলা হোল না। ব্লু জ্যাজ, অরেঞ্জ, পাইন্যাপল কিংবা মিক্সড ফ্রুট মকটেইল, রঙ্গিন সব জুসের স্বাদ নিতে পারবেন এখানে। তাজা ফলের রস থেকে তৈরি জুস গুলো আপনার চোখে দেখে যেমন ভাল লাগবে, খেতেও তেমনি। মিল্কশেক কিংবা স্পেশাল ডেজার্টসও খেয়ে দেখতে পারেন।

আসন্ন রমজান মাসে ক্যাফেটিতে পাবেন ইফতার বক্স। সেহেরীর জন্য নিয়মিত খোলা না থাকলেও, চাইলে বড়সড় গ্যাদারিং এর জন্য বুক করে রাখতে পারবেন, তবে তা অবশ্যই ২-১ দিনের নোটিস দিয়ে।  
 
আর বেশি কিছু বলার নেই। সুন্দর পরিবেশনা, সুস্বাদু খাবার আর তার চেয়েও মনোরম স্থাপনা – এই তিনের সম্মীলনে ক্যাফে সয় ৩ অল্প কয়েক বছরেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি যদি ধানমণ্ডিবাসী হয়ে থাকেন তবে সয় ৩ তে আপনা কে আসতেই হবে। 
 
ক্যাফে সয় ৩
সড়ক#৩ বাড়ি# ৩০
ধানমণ্ডি