কাশ্মিরে ভারতের শক্তি প্রয়োগে ওআইসি’র নিন্দা প্রস্তাব

কাশ্মিরে কাশ্মীরিদের বিরুদ্ধে ভারতের শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো বড় আন্তর্জাতিক সংস্থা ওআইসি। সংস্থাটি কাশ্মির ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিষয়টিও মনে করে দিয়েছে। প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে ভারত। এদিকে ভারতের এক প্রতিমন্ত্রী বলেছেন, বালাকোটে বিমান হামলা বার্তা দেওয়ার জন্য, কোনো হতাহতের জন্য নয়। খবর এনডিটিভি ও ডনের

ওআইসি’র প্রস্তাবের নিন্দায় ভারত

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি পাকিস্তানের নাম উল্লেখ না করে সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরদিন শনিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নির্দোষ কাশ্মিরীদের নির্বিচারে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে প্রস্তাব আনে ওআইসি। প্রস্তাবটি পাসও হয়। এতে পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসাও করা হয়। প্রস্তাবের কড়া নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পক্ষে কথা বলা হয়েছে। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় সম্মেলন বয়কট করেন কোরেশি।

‘বালাকোটে হামলা

বার্তা দিতে’

ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এসএস আহলুওয়ালিয়া বলেছেন, ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছে এই বার্তা দিতে যে, ভারত শত্রু দেশের সীমানার ভেতরে গিয়েও হামলা চালাতে পারে। কোনো মানুষের হতাহত আমাদের উদ্দেশ্য ছিল না। তাইতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা সরকারের কোনো মুখপাত্র হতাহতের কোনো তথ্য দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তথ্য অতিরঞ্জিত করে খবর প্রকাশ করা হয়েছে। শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন এসএস আহলুওয়ালিয়া।