মামলা তুলে নিতে বিদেশ থেকে শীর্ষ সন্ত্রাসীর হুমকি

বিদেশে আত্মগোপন করে হত্যা মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে মামলার বাদীকে। মামলা তুলে নেওয়া না হলে, স্বামীর মতো তাকে ও তার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এই হুমকির কারণে আতঙ্কে আছেন মহাখালীতে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা সুন্দরী সোহেলের হাতে খুন হওয়া কাজী রাশেদের স্ত্রী মৌসুমী। গত বছরের ১৪ জুলাই রাতে মহাখালীতে বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুন্দরী সোহেলের অফিসে খুন হন তারই সহযোগী কাজী রাশেদ। ওই ঘটনায় তার স্ত্রী মৌসুমী বাদী হয়ে সুন্দরী সোহেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট। তদন্তের এক পর্যায়ে এই মামলার আরেক আসামি সুন্দরী সোহেলের ভাতিজা জাকিরকে পুলিশ গ্রেফতার করে। সাত মাস পর গত মাসে জাকির জামিনে মুক্তি পান।

এরপর থেকে মৌসুমীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। সুন্দরী সোহেল ইন্টারনেট ফোন ব্যবহার করে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এই মামলার প্রধান আসামি সুন্দরী সোহেল বিদেশে আত্মগোপন করেছেন। বিদেশ থেকে মামলার বাদীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও পেয়েছি। কিন্তু মামলার বাদীর নিরাপত্তা দেওয়া ছাড়া আমাদের এ ব্যাপারে আর কিছুই করার নাই। অপর আসামিদের মধ্যে হাসু, দীপু, ফিরোজ ও জহিরুল পলাতক রয়েছে। তবে এই মামলায় আমরা এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাইনি। আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

গত বছরের ১৪ জুলাই রাতে মহাখালী স্কুল রোডের জিপি-গ ৩৩/১ নম্বর বহুতল ভবনের নিচতলায় বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুন্দরী সোহেলের অফিসে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে খুন হন তারই দেহরক্ষী কাজী রাশেদ। খুনের পর লাশ অফিস থেকে বের করে পাশের একটি ভবনের সামনের সড়কে রেখে দেওয়া হয়েছিল। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করার পর ভিডিও ফুটেজ দেখে জাকিরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জাকির পুলিশের কাছে হত্যার ঘটনার বর্ণনা দেয়।

এ ব্যাপারে মামলার বাদী কাজী রাশেদের স্ত্রী মৌসুমী বলেন, ‘জাকির জেল থেকে বেরিয়েই তাদের পরিবারকে একবার হুমকি দেয়। সুন্দরী সোহেলও মাঝে মাঝে ফোন করে হুমকি দেয়। কয়েকদিন আগে সুন্দরী সোহেল ফোন করে বলে, ‘মামলা তুলে না নিলে পরিণতি হবে ভয়াবহ। রাশেদের মতো গুলি করে মেরে লাশ রাস্তায় ফেলে রাখা হবে।’ হুমকি দেওয়ার বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকেও তিনি জানিয়েছেন।