যুক্তরাষ্ট্রের চার্লসটনে গির্জার ভিতরে গুলিতে নিহত ৯ ব্যক্তির স্বজনেরা খুনিকে ক্ষমা করে দিয়েছেন। এর আগে নেটওয়ার্কের মাধ্যমে ওই স্বজনেরা আদালতে সন্দেহভাজন খুনি ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ ডিলান স্ট্রম রুফের সঙ্গে কথা বলেন।
বুধবার রাতে দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটন শহরে কৃষ্ণাঙ্গদের একটি শতবর্ষী পুরনো গির্জায় এ হত্যাকাণ্ড ঘটে। রুফ গির্জায় প্রবেশের পর গুলি করে কৃষ্ণাঙ্গ ছয় নারী ও তিন পুরুষকে হত্যা করেন।
নর্থ ক্যারোলাইনা থেকে গ্রেফতারের পর শুক্রবার রুফকে ভিডিও লিংকের মাধ্যমে চার্লসটনের আদালতে হাজির করা হয়।
শুক্রবার বিকালে শুনানিকালে আদালতের প্রশ্নের উত্তরে নিজের নাম, বয়স ও ঠিকানা নিশ্চিত করেন রুফ। নিজেকে বেকার বলেও স্বীকার করেন। এ সময় বিচারকের আমন্ত্রণে রুফের সঙ্গে সরাসরি কথা বলার জন্য নিহতদের আত্মীয়স্বজন আদালতে উপস্থিত ছিলেন।
অশ্রুসিক্ত নয়নে তারা সরাসরি খুনির সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলেন। এ সময় রুফের মধ্যে আবেগের কোনো প্রকাশ দেখা যায়নি। IMG0
চার্লসটনে ইমানুয়েল আফ্রিকান-আমেরিকান চার্চে হামলার পরদিন নিহতদের স্মরণে চার্চটির সামনে প্রার্থনার পর প্রার্থনাকারীরা আবেগে পরস্পরকে জড়িয়ে ধরেন। চার্লসটনে ইমানুয়েল আফ্রিকান-আমেরিকান চার্চে হামলার ঘটনায় নিহতদের স্মরণে চার্চটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো অব্যাহত রয়েছে।
আদালতের প্রকাশ করা নথিতে দেখা যায়, গুলি শুরু করার প্রায় ঘণ্টাখানেক আগে গির্জাটিতে প্রবেশ করেছিলেন রুফ। প্রার্থনারত লোকজনের সঙ্গে ঘন্টাখানেক সময় কাটানোর পর গুলিবর্ষণ শুরু করেন তিনি। হতাহতদের শরীরে কয়েকটি করে গুলি লেগেছে।
এ হত্যাকাণ্ডকে বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ হিসাবে বিবেচনা করছে চার্লসটন পুলিশ। অপরদিকে এ অপরাধটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আওতায় পড়ে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।