ভাণ্ডারিয়ায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজ পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ভাণ্ডারিয়ায় বাংলাদেশে নিযুক্ত বন্ধু রাষ্ট্র ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা এক সংক্ষিপ্ত সফরে আসেন। গতকাল রবিবার তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় ভাণ্ডারিয়া পৌর সভায় ভারতীয় অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভাণ্ডারিয়া সরকারি কলেজ সংলগ্ন পথকলি, উপজেলা ভূমি অফিস ও পূর্ব ভাণ্ডারিয়া ৭৪নং স্কুল সংলগ্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের  ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন এবং তাতে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তার সাথে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান আয়ন এক্সপ্রেস এনভারমেন্ট প্রজেক্টের ম্যানেজার দেবাশীষ সরকার, ভাণ্ডারিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার মো. নুরে আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী এই ওয়াটার ট্রিটমেন্ট প্লানের উদ্বোধন করবেন।