গতকাল রবিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে উদ্ধার করা হয়েছে এক নার্সের ঝুলন্ত লাশ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার উচিত্পুরা ইউনিয়নের জাঙ্গালিয়া চেঙ্গারকান্দি এলাকার চক থেকে লাশটি উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে কেবল একটি প্যান্ট পরা অবস্থায় পাওয়া যায়।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মুক্তি রানী দাসের (৩৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মুক্তি রানী উপজেলার মুনশুরপুর গ্রামের রনী দাসের স্ত্রী। তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ঘরের দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা খোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পাশের ঘরের প্লাস্টিকের সিলিং তুলে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো মুক্তির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রনী দাসকে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।