রাজ পরিবারের প্রভাব খাটিয়েছিলেন ললিত মোদী

 
দুর্নীতির দায়ে অভিযুক্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সাবেক কমিশনার ললিত মোদী ব্রিটেনে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র পেতে দেশটির রাজপরিবারের সদস্যদের নাম ব্যবহার করেছিলেন। অবৈধ সুবিধা পেতে তিনি প্রিন্স চার্লস এবং তার ভাই এন্ড্রিউয়ের সাথে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগান।
 
প্রভাবশালী সানডে টাইমস পত্রিকায় এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ডিউক অব ইয়র্ক ও রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স এন্ড্রিউ এর সাথে ললিত মোদীর বেশ কয়েক বছর আগে পরিচয় হয়। গত বছর ললিত মোদী ব্রিটেনে ভ্রমণের বৈধতা পাওয়ার কয়েক দিন আগেই প্রিন্স এনড্রিউর সাথে তিনি তার বাসভবনে দেখা করেছিলেন।
 
তবে এই দুজনের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছিল তা জানাতে অস্বীকার করেছে বাকিংহাম প্রাসাদের কর্মকর্তারা। ললিত মোদীর পক্ষে ব্রিটেন সরকারের ওপর প্রভাব খাটানোর কথাও অস্বীকার করেন প্রাসাদ কর্মকর্তারা।
 
আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এক সময়ের প্রতাপশালী চেয়ারম্যান ললিত মোদী বরখাস্ত হন। তার পাসপোর্টও জব্দ করা হয়। জেরার হাত থেকে বাঁচতে তিনি লন্ডনেই অবস্থান করছেন। অসুস্থ স্ত্রীর চিকিত্সার জন্য পর্তুগাল যেতে ললিত মোদী যুক্তরাজ্যের ভারতীয় বংশোদ্ভূত সাংসদ কিথ ভাজের শরণাপন্ন হন। ভাজ সেজন্য ফোন করেন সুষমা স্বরাজকে। এরপর এক দিনের মধ্যেই ললিত পর্তুগালসহ আরো কয়েকটি দেশে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পেয়ে যান। বিতর্ক সেখান থেকেই শুরু।
 
যুক্তরাজ্যকে সুষমা যে বার্তা পাঠিয়েছিলেন, তাতে বলা হয়েছিল মানবিক দিক থেকেই তিনি এ অনুরোধ করছেন। ব্রিটেনের আইন অনুযায়ী তারা এ অনুরোধ বিবেচনা করতে পারে। সূত্র: এনডিটিভি