প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় পাঠাও মোটর সাইকেল চালকসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন পাঠাও চালক আসাদুল্লাহ খান রনক (৪৫) ও যাত্রী জিয়া সরকার (৩৫)। শনিবার রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত হলে তাদেরকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি হলে গতকাল রবিবার ভোরে তারা দুজনই মারা যান।
তেজগাঁও থানার এসআই আব্দুল ওয়ারেছ বলেন, নিহত আসাদুল্লাহ খান রনক অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার পাঠাও এর মোটর সাইকেল চালক। শনিবার রাতে রনকের পাঠাও বাইকে করে জিয়া সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণীর দিকে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণ কর্নার এলাকার সড়কে একটি খালি ট্রাক (কুমিল্লা ট-৪১৩৮) তাদের মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তারা গাড়ির চাকার আঘাতে গুরুতর আহত হয়। তখন পথচারীরা উদ্ধার করে চিকিত্সার জন্য আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করে। পরে তারা চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি আরো বলেন, ঘাতক ট্রাক চালক ঘটনার সময় রাস্তার উপর ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।