আইএসের অনলাইন কার্যক্রম বন্ধে ইউরোপোল

 
ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন সব অ্যাকাউন্ট খুঁজে বের করা এবং তা বন্ধ করার জন্য ইউরোপে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় জানানো হয়, টুইটারে আইএসের সঙ্গে যোগসাজোশ রয়েছে এমন অন্তত ৪৬ হাজার অ্যাকাউন্ট রয়েছে। এগুলো আইএসের নতুন সদস্য সংগ্রহের কাজে সাহায্য করে।
 
তবে ব্রুকলিন ইন্সটিটিউট ইন ওয়াশিংটনের বিশ্লেষকরা বলছেন, আইএস-এর সঙ্গে যোগসাজোশ রয়েছে টুইটারে এমন অ্যাকাউন্ট সংখ্যা ৯০ হাজারের বেশি হতে পারে।
 
এসব অ্যাকাউন্ট খুঁজে বের করতে এখন থেকে ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল বেনামি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে কাজ করবে। তাদের লক্ষ্য নতুন অ্যাকাউন্ট খোলার দুই ঘণ্টার মধ্যে তা বন্ধ করে দেয়া।
 
ইউরোপেলের ধারণা, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশের পাঁচ হাজার নাগরিক লড়াইয়ের করতে আইএস নিয়ন্ত্রিত এলাকায় গেছে।
 
ইউরোপোলের পরিচালক রব ওয়েনরিট বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন এই দলটি কাজ শুরু করবে। তবে সব অ্যাকাউন্ট খুঁজে বের করা একটি বড় কাজ। সূত্র: বিবিসি।