আমি ঘুমিয়ে ছিলাম এটা ঠিক নয়:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল রবিবার আদালতে হাজির করেছে কারাকর্তৃপক্ষ। হাজিরের পর খালেদা জিয়া বলেছেন, গত ধার্য তারিখে আমাকে এই আদালতে হাজির করা হয়নি। কিন্তু আমি আদালতে আসতে প্রস্তুত ছিলাম। অথচ আদালতে বলা হয়েছে, আমি ইচ্ছে করে আদালতে আসিনি। সেটা ঠিক না। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত গত ২০ ফেব্রুয়ারি এই মামলায় আদালতে খালেদা জিয়াকে হাজির করেনি কারাকর্তৃপক্ষ। সেদিন কারা কর্তৃপক্ষ বলেছিল, খালেদা জিয়া ঘুমে থাকায় তিনি হাজির হননি।

এদিকে গতকাল এই মামলায় আসামি মওদুদ আহমদসহ তিনজনের অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বেলা দেড়টার দিকে খালেদা জিয়াকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে আদালতে আনার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন মির্জা ফখরুল। জবাবে খালেদা জিয়া বলেন, আমার শরীর মোটেও ভালো যাচ্ছে না।